বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে মোদিকে ইরানের আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৫, ২০২৬, ১১:৪৩ পিএম

খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে মোদিকে ইরানের আমন্ত্রণ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় তেহরানে নিহত হন খামেনি। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুলাই ইরানের রাজধানী তেহরানে প্রয়াত এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য একটি বিশেষ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এর পরদিন অর্থাৎ ৬ জুলাই তার জানাজা অনুষ্ঠিত হবে।

তেহরানের এই আকস্মিক আমন্ত্রণে নতুন করে বড় ধরনের কূটনৈতিক ও কৌশলগত পরীক্ষায় পড়েছে দিল্লি।ভারতের প্রধানমন্ত্রীকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক বহু শতাব্দী পুরনো এবং ভারতের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে চাবাহার বন্দরের গুরুত্ব অপরিসীম। 

অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভারতের সামরিক ও কৌশলগত অংশীদারত্ব এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। খামেনি যেহেতু সরাসরি মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন, তাই তার জানাজায় ভারতের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিত্ব ওয়াশিংটন ও তেল আবিবকে ভীষণভাবে ক্ষুব্ধ করতে পারে।

কূটনৈতিক সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পূর্বনির্ধারিত বিদেশ সফর থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই জানাজায় সশরীরে অংশ নেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে দ্বিপাক্ষিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে মোদির পরিবর্তে কোনো জ্যেষ্ঠ মন্ত্রী বা উচ্চপদস্থ কূটনৈতিক প্রতিনিধিদলকে তেহরানে পাঠানো হতে পারে বলে ইঙ্গিত মিলছে। এর আগে ২০২৪ সালের মে মাসে যখন ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান, তখন ভারত একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পাশাপাশি তাদের উপ-রাষ্ট্রপতিকে তেহরানে পাঠিয়েছিল।