জুলাই ৮, ২০২৬, ০২:৩৩ পিএম
পৃথিবীর ঘূর্ণন ও উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হওয়ার কারণে আজ বুধবার বিশ্বের প্রায় ৯৯ শতাংশ মানুষ একই সময়ে সূর্যালোকের দেখা পাবে। পৃথিবীর সবচেয়ে জনবহুল অঞ্চলগুলোতে খুব অল্প সময়ের জন্য হলেও এই মহাজাগতিক আলো ছড়িয়ে পড়বে।বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে (জিএমটি ১১টা ১০) বিশ্বের প্রায় ৮ দশমিক ২ বিলিয়ন মানুষ একই সময়ে দিন বা গোধূলির আলো দেখতে পাবে।
উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বেশিরভাগ অংশজুড়ে এই সময় দিনের আলো থাকবে। এসব অঞ্চলেই পৃথিবীর জনসংখ্যার অধিকাংশ বাস করে।অন্যদিকে, রাতের অন্ধকারে থাকবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশ, অ্যান্টার্কটিকা ও এর আশপাশের সমুদ্র অঞ্চল।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতি বছর সাধারণত ১৮ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রায় ৬০ দিন, পৃথিবীর প্রায় ৯৯ শতাংশ মানুষ একই সময়ে দিনের আলো বা গোধূলির আলো দেখার অনন্য সুযোগ পায়। জুন মাসে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে দীর্ঘ হয়। এরপর সূর্য ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে যেতে শুরু করে। ফলে উত্তর দিকের কম জনসংখ্যার এলাকাগুলোতে দিনের দৈর্ঘ্য কমলেও, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো বেশি জনসংখ্যার অঞ্চলগুলোতে দিনের আলো কিছুটা বেশি সময় স্থায়ী হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন