রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাবার দেওয়া নাম বদলালেন নেতানিয়াহুর ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৮:১৬ পিএম

বাবার দেওয়া নাম বদলালেন নেতানিয়াহুর ছেলে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম পরিবর্তন করেছেন। বর্তমানে তিনি ‘ইয়োনাথান হুন’ নামে পরিচিতি পেয়েছেন। সম্প্রতি কর-সংক্রান্ত নথিতে তার এই নাম পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে এসেছে।তিনি অতীতেও ইয়াইর হুন পদবি ব্যবহার করেছেন।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিবর্তনটি গত কয়েক মাসের ব্যবধানে হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের নথিতে তার নাম ইয়াইর নেতানিয়াহু হিসেবে থাকলেও, চলতি বছরের নথিতে নতুন এই নাম দেখা গেছে। অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ইয়াইর হুন নামে পরিচিত ছিলেন। নথিতে তার ঠিকানা হিসেবে বালফোর শূন্য উল্লেখ করা হয়েছে, যা স্থানীয়দের কাছে কাল্পনিক ঠিকানা হিসেবে পরিচিত।

এই নাম পরিবর্তন এমন সময়ে সামনে এল, যখন নেতানিয়াহু পরিবার রাজনৈতিক ও আইনি নানা বিতর্কের কেন্দ্রে রয়েছে। গাজায় চলমান যুদ্ধের জেরে আন্তর্জাতিক অপরাধ আদালত বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অন্যদিকে, ইয়াইর নেতানিয়াহুও অতীতে বিভিন্ন কারণে সমালোচিত হয়েছেন। ২০১৮ সালে একটি স্ট্রিপ ক্লাবের বাইরে তার একটি অডিও রেকর্ডিং ফাঁস হয়েছিল, যা নিয়ে ব্যাপক বিতর্ক হয়।

ফাঁস হওয়া রেকর্ডিংয়ে তার বাবার একটি গ্যাস চুক্তির সহায়তা নিয়ে বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছিল। সেই ঘটনার পর থেকে ইয়াইর মূলত যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং বিভিন্ন ডানপন্থি গোষ্ঠীর সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে আলোচনা রয়েছে। বাবার একাধিক দুর্নীতির মামলার পাশাপাশি ইয়াইরের এই ব্যক্তিগত বিতর্কগুলো ইসরাইলের রাজনীতির অঙ্গনে নিয়মিত আলোচনায় থাকে।