সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৪:৪৩ পিএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৩ হাজার ৯১০ জনে দাঁড়িয়েছে। রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে হতাহতের সর্বশেষ এই দৈনিক পরিসংখ্যান প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয় গত চব্বিশ ঘণ্টায় ইসরাইলের সামরিক হামলায় প্রাণ হারানো তিনজনের মরদেহ গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। একই সময়ে নতুন করে আহত হয়েছেন আরও ২১ জন।
উদ্ধারকর্মীদের আশঙ্কা এখনও হাজার হাজার ফিলিস্তিনি বোমাবিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। উপত্যকাটিতে তথাকথিত যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়েও উদ্বেগজনক তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিবৃতি অনুযায়ী গত বছরের অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত নতুন করে অন্তত এক হাজার ৩৯৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এই সময়ে আহত হয়েছেন চার হাজার ৮২২ জন।
অন্যদিকে ২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরুর পর থেকে সার্বিক ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র তুলে ধরেছে কর্তৃপক্ষ। শুরু থেকে চালানো নির্বিচার বিমান ও স্থল হামলায় এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা পৌঁছেছে অন্তত ৭৩ হাজার ৯১০ জনে। একই সঙ্গে মারাত্মকভাবে আহত হয়েছেন মোট এক লাখ ৭৪ হাজার ৯৩৫ জন ফিলিস্তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন