জুলাই ১৪, ২০২৬, ১০:১৮ পিএম
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির পার্লামেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে মাত্র এক বছর দায়িত্ব পালনের পর তিনি পদ ছাড়লেন।পার্লামেন্টে সভিরিদেঙ্কোর পদত্যাগপত্র গ্রহণের প্রস্তাবটি পাস হয়।
তবে এত দ্রুত সরকার পরিবর্তনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন আইনপ্রণেতাদের একাংশ। ৪০ বছর বয়সী অর্থনীতিবিদ সভিরিদেঙ্কো বিদায়ী বক্তব্যে বলেন, গত এক বছরের প্রতিটি দিন ছিল কঠিন সিদ্ধান্ত ও দৃঢ় পদক্ষেপের। তিনি তার ওপর রাখা আস্থার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
গত বছর উচ্চপর্যায়ের দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসার কয়েক মাস পর তিনি দায়িত্ব পেয়েছিলেন। সমালোচকদের অভিযোগ, সরকারের ভেতরের দুর্নীতি দমনে তিনি যথেষ্ট কঠোর ছিলেন না। অন্যদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন রাজনৈতিক কৌশল পরিবর্তন করছে এবং এই প্রক্রিয়ায় নতুন মুখের প্রয়োজন। তবে মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।
সরকারের পদত্যাগের ফলে পুরো মন্ত্রিসভাও পদত্যাগ করেছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানির প্রধান সেরহি কোরেৎস্কি, বর্তমান জ্বালানিমন্ত্রী দেনিস শ্মিহাল কিংবা প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভের নাম সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে সভিরিদেঙ্কো মূলত অভ্যন্তরীণ নীতি, যুদ্ধকালীন অর্থনীতি সচল রাখা এবং ক্ষতিগ্রস্ত বেসামরিক অবকাঠামো পুনর্গঠনের দায়িত্ব পালন করছিলেন। রাশিয়ার সঙ্গে ৪ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে দীর্ঘপাল্লার হামলার মাধ্যমে রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও রসদ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন