জুলাই ২০, ২০২৬, ০৮:৪৮ পিএম
ভারতের দিল্লিতে নীট ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সরকারের জবাবদিহি ও তিন দফা দাবি নিয়ে বিক্ষোভ করছেন সিজেপি কর্মীরা। সোমবার আন্দোলনের অংশ হিসেবে দলটির একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপির সাবেক সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছে। একই সময়ে বিক্ষোভকারীরা সংসদের দিকে পদযাত্রা শুরু করলে রাজধানীজুড়ে উত্তাপ ছড়িয়ে পড়ে।সিজেপি তাদের তিন দফা দাবিতে অটল রয়েছে।
দলের মুখপাত্র অশুতোষ রাঙ্কা জানিয়েছেন, নাড্ডা তাদের দাবিগুলো নিয়ে সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করার জন্য সময় চেয়েছেন। সিজেপির দাবিগুলোর মধ্যে রয়েছে—সমাজকর্মী সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নীট ইউজি পরীক্ষা নিয়ে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি রুপি ক্ষতিপূরণ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
নাড্ডার সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুখপাত্র সৌরভ দাস বলেন, মন্ত্রী আশ্বস্ত করেছেন যে দাবিগুলো যথাযথ পর্যায়ে উত্থাপন করা হবে। তবে নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি মেলেনি। বৈঠকে নাড্ডা বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার আহ্বান জানান। এদিকে একই দিনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা বৈঠক করেছেন, যদিও বৈঠকের বিস্তারিত জানা যায়নি।
সংসদ অভিমুখে পদযাত্রায় অংশ নেওয়া বিক্ষোভকারীরা পুলিশের বাধা সত্ত্বেও ছত্রভঙ্গ হতে অস্বীকৃতি জানান। পরে আইনশৃঙ্খলা বাহিনী যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুল পুলিশ মোতায়েন ছিল। রাজনৈতিক মহলে এই বিক্ষোভ ও বৈঠকের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন