রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০৯:২৭ পিএম

সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ছবি - সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশটির বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে সরকার পতনের ডাক দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।শনিবার দিল্লির দশ জনপথে এই ঘোষণা দেন তিনি।শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রাহুল গান্ধী বলেন, দেশের সংবিধান, গণতন্ত্র এবং নিজেদের ভবিষ্যৎ সুরক্ষায় তরুণ প্রজন্ম যে সাহসিকতা দেখিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। 

তিনি অভিযোগ করেন যে আন্দোলন দমনে ক্ষমতাসীন সরকার নানা ধরনের চাপ সৃষ্টি করেছিল। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘটলেও শিক্ষার্থীদের সব দাবি এখনো পূরণ হয়নি উল্লেখ করে তিনি দুটি প্রধান শর্ত তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সম্মান রক্ষার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

দিল্লির দশ জনপথে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এই অবস্থান জানান। দেশের কৃষক, শ্রমিক, দরিদ্র ও সরকারি নীতিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের প্রতিও সংহতি প্রকাশ করেন কংগ্রেসের এই শীর্ষ নেতা। ভয়কে জয় করে সাংবিধানিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ঘোষণা দেশজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।সরকারের নীতিতে পরিবর্তন আনার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।