রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৯, ২০২৬, ১১:১৩ পিএম

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। বুধবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ ছাড়া মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া আরও পাঁচ হাজার রোহিঙ্গাকেও ফিরিয়ে নেবে দেশটি।দীর্ঘদিনের শরণার্থী সংকটের একটি প্রাথমিক পদক্ষেপ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত তথ্যে জানা যায়, এই চুক্তিকে রোহিঙ্গা সংকট সমাধান এবং মালয়েশিয়ার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন মালয়েশীয় প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই এই সংকট উত্তরণের পথ খুঁজতে হচ্ছে।

সম্প্রতি পেনাং রাজ্যের একটি আবাসন ছেড়ে শতাধিক রোহিঙ্গা কুয়ালালামপুরে জাতিসংঘ শরণার্থী সংস্থার কার্যালয়ের সামনে জড়ো হওয়ার কয়েক দিন পরই এই ঘোষণা এলো। এরপর কুয়ালালামপুর, সেলানগোর ও পেনাংয়ের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে তাদের স্থানান্তরিত করা হয়। তবে বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা এখনও জানানো হয়নি।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশে তেরো লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। এর মধ্যে অনেকে আবার বিপজ্জনক সমুদ্রপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পৌঁছানোর চেষ্টা করেছেন। আঞ্চলিক এই সংকটের স্থায়ী সমাধানে আলোচনা অব্যাহত রাখবে বলে জানিয়েছে কুয়ালালামপুর।