বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনপ্রক্রিয়ায় ভোট আজ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ১১:২৫ এএম

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনপ্রক্রিয়ায় ভোট আজ

Ai - ছবি

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনপ্রক্রিয়ার অংশ হিসেবে আজ নিরাপত্তা পরিষদে গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই গোপন ভোটের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাত প্রার্থীর প্রতি সদস্যদেশগুলোর সমর্থনের মাত্রা আনুষ্ঠানিকভাবে যাচাই করা হবে।টানা দুই মেয়াদে পাঁচ বছর করে দায়িত্ব পালনের পর চলতি বছরের শেষেই বিদায় নিচ্ছেন জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

নিয়ম অনুযায়ী তার মেয়াদ সমাপ্ত হওয়ার পর নতুন মহাসচিব এই দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক।গুতেরেসের স্থলাভিষিক্ত হতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। বর্তমান প্রতিযোগিতায় আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল ও উগান্ডার সাতজন প্রার্থী অংশ নিচ্ছেন।

নিরাপত্তা পরিষদে মহাসচিব নির্বাচনের এই প্রাথমিক অনানুষ্ঠানিক ভোটকে কূটনৈতিক মহলে স্ট্র পোল বলা হয়ে থাকে। এতে নিরাপত্তা পরিষদের পনেরোটি সদস্যদেশের প্রতিনিধিরা প্রতিটি প্রার্থীর বিষয়ে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে নিজেদের মতামত প্রকাশ করবেন। মতামতগুলোর মধ্যে সমর্থন করি, সমর্থন করি না এবং কোনো মতামত নেই—এই তিনটি বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে।

সাধারণত চূড়ান্ত সিদ্ধান্তের আগে কয়েক দফায় এ ধরনের মতামত গ্রহণ বা স্ট্র পোল অনুষ্ঠিত হয়ে থাকে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আগামী সেপ্টেম্বর মাসের শেষ অথবা অক্টোবরের শুরুর দিকে শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো একক গ্রহণযোগ্য প্রার্থী নিয়ে সার্বিক ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হলে এই সময়সীমা আরও বাড়তে পারে।