জুলাই ৩১, ২০২৬, ০৪:২২ পিএম
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি উত্থাপন করেন এবং পরীক্ষার অনিয়মের প্রতিবাদে গত বিশ জুলাই সংসদ অভিযানের সময় ছাত্রদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের তীব্র সমালোচনা করেন।পুলিশের এই হামলা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হয়েছে বলে দাবি করেন তিনি।
শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছররা গুলি ও প্রাণঘাতী হামলার ঘটনা অমিত শাহের সম্মতি ছাড়া চালানো অসম্ভব বলে মন্তব্য করেন দীপকে। এর আগে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীও একই অভিযোগ তুলেছিলেন। রাহুল গান্ধীর সেই বক্তব্যের একদিন পর দীপকে গণমাধ্যমের সামনে জোরালোভাবে বলেন, তিনিও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। তার দলের বিরুদ্ধে ওঠা বিদেশি অর্থায়নের অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে তিনি প্রশ্ন তোলেন, যদি সত্যিই তারা বিদেশি অর্থ পেয়ে থাকেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও অমিত শাহ তা আটকাতে না পারেন, তবে সেই ব্যর্থতার দায়ে নিজেকে কীভাবে চাণক্য বা কৌশল প্রণেতা দাবি করবেন তিনি?
দিল্লি পুলিশ পরিকল্পিতভাবে পাথর নিক্ষেপের ঘটনা ঘটিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পটভূমি তৈরি করেছিল বলেও চাঞ্চল্যকর দাবি করেন এই রাজনৈতিক নেতা। তার ভাষ্যমতে, গত বিশ জুলাই দিল্লির যন্তর-মন্তরের আন্দোলনস্থলে একটি ট্রাকে করে পাথর ও ভাঙাচোরা গাড়ি আনা হয়েছিল, যাতে পুলিশি অভিযানের যৌক্তিকতা প্রমাণ করা যায়। বিজেপির লোকজন এসে সেখানে পাথর ছুড়লেও সম্পূর্ণ দোষ চাপানো হয়েছে নিরীহ ছাত্রদের ওপর।এ ছাড়া তাকে এবং তার পরিবারকে ক্ষমতাসীন রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন ককরোচ জনতা পার্টির এই প্রতিষ্ঠাতা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন