আগস্ট ৩, ২০২৬, ০৪:০৯ পিএম
ভারতের দক্ষিণাঞ্চলে টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে কেবল কেরালা রাজ্যেই বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং কর্ণাটকে ভূমিধসে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কেরালাজুড়ে প্রায় সাত হাজার ৭০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য রাজ্যজুড়ে প্রায় ২৭৫টি ত্রাণকেন্দ্র খুলেছে প্রশাসন। কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন জেলা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে ত্রাণশিবিরগুলোর ব্যবস্থাপনা ও উদ্ধারকাজের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এর আগে তিনি জানান, বন্যাকবলিত অঞ্চলগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার কাজ শুরু হয়েছে।
এদিকে ভারতের আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, কেরালার বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাত ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।টানা বৃষ্টির জেরে কেরালার বেশ কয়েকটি জেলার স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি পরিস্থিতি বিবেচনায় রাজ্য পর্যায়ের শিক্ষক নিয়োগ পরীক্ষাও স্থগিত করেছে সরকার। অন্যদিকে দ্য হিন্দুর তথ্য অনুযায়ী, কর্ণাটকে ভারীবর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে একই পরিবারের তিনজন সদস্য নিহত হন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন