আগস্ট ২৯, ২০২৬, ০৯:৪৩ এএম
ভেনিজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কোম্পানিগুলো ওপেকভুক্ত এই দেশটির বিপর্যস্ত জ্বালানি শিল্পকে পুনরুজ্জীবিত করতে পারবে বলে আশাবাদী তিনি। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম কমাতে নতুন ক্রুড অয়েলের উৎস নিশ্চিত হবে।তবে এই চুক্তি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ভেনেজুয়েলার প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেলেরও বেশি তেলের নিয়ন্ত্রণ এখন মার্কিনিদের হাতে বলে দাবি করা হয়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশটির সরকার চুক্তিটিকে স্বাগত জানিয়ে জানিয়েছে যে, এটি দেশের অর্থনীতি এবং সরকারি রাজস্ব বৃদ্ধি করবে। দীর্ঘদিনের অপর্যাপ্ত বিনিয়োগ, অব্যবস্থাপনা এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্বের সবচেয়ে বড় তেল সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও দেশটি বর্তমানে দৈনিক মাত্র ১২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল উৎপাদন করছে।
ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তাঁর নির্দেশনায় পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে ভেনেজুয়েলার প্রমাণিত তেল সম্পদের বিশাল অংশের ওপর মার্কিন সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ নিশ্চিত হয়েছে। এর জন্য মার্কিন করদাতাদের কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়নি বলে জানানো হয়।
মার্কিন কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার নির্দিষ্ট কিছু তেলক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রবেশাধিকার প্রদান এবং উৎপাদিত অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে কয়েক সপ্তাহের দ্বিপাক্ষিক আলোচনার পর এই ঘোষণা এলো। ভেনেজুয়েলার কর্মকর্তারা আগামী সপ্তাহে বেশ কয়েকটি মার্কিন কোম্পানিকে নতুন তেল অনুসন্ধান ও উৎপাদনের অনুমতি দিতে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছেন।
তথ্যসূত্র: রয়টার্স

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন