সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:১২ পিএম
প্রবল ইচ্ছাশক্তি এবং সন্তানের ভবিষ্যতের প্রতি এক মায়ের অদম্য মমতার কাছে হার মেনেছে দারিদ্র্য ও শারীরিক প্রতিকূলতা। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে সাধারণ শাড়ি পরে ও খালি পায়ে ম্যারাথনে দৌড়ে তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন ভারতের মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাই এলাকার বাসিন্দা রমাবাই রণবীর। সাতাশ বছর বয়সী এই মায়ের এই অসামান্য কৃতিত্ব চারপাশে ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে।
অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন এই অদম্য নারী। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যানুযায়ী, ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে ‘অমৃত দৌড়’ নামের এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হওয়া এই প্রতিযোগিতায় স্থানীয় অসংখ্য তরুণ-তরুণী অংশ নেন।
প্রতিযোগিতার শুরুতে সাধারণ শাড়ি ও পায়ে সামান্য চপ্পল পরে সবার সঙ্গে লাইনে দাঁড়ালেও, দৌড় শুরু হতেই অসমান রাস্তায় বারবার চপ্পল খুলে তার গতি কমে যাচ্ছিল। একমুহূর্ত সময় নষ্ট না করে চপ্পল জোড়া হাতে তুলে নিয়ে রুক্ষ ও পাথুরে রাস্তায় খালি পায়েই দৌড়াতে শুরু করেন তিনি।
তীক্ষ্ণ পাথর ও শারীরিক ব্যথার তোয়াক্কা না করে সব তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করেন রমাবাই। তার এই জয় দেখে উপস্থিত দর্শক ও আয়োজকরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। পুরস্কার হিসেবে প্রাপ্ত তিন হাজার রুপি সরাসরি মেয়ের পড়াশোনার খরচের জন্য তুলে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এই জয় কেবল একটি ম্যারাথন জেতার ঘটনা নয়, বরং সন্তানের শিক্ষার জন্য একজন মায়ের সর্বোচ্চ সংগ্রামের এক অনন্য প্রতীক হয়ে উঠেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন