সেপ্টেম্বর ৮, ২০২৬, ০১:১৭ পিএম
বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড তদারকির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে সোমবার এই আহ্বান জানান সংস্থার মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
বাহিনীর জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। ভলকার তুর্ক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাজের স্বাধীন নজরদারির জন্য আরও শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি একটি তথ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর। সেখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে ৪৪টি সুপারিশ করা হয়েছিল।
ওই প্রতিবেদনে সশস্ত্র বাহিনী ও পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সরাসরি তদন্ত করার জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে ক্ষমতা দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি কমিশনের জন্য পর্যাপ্ত সম্পদ ও স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া চালুর সুপারিশ করেন বিশেষজ্ঞরা।
এদিকে সম্প্রতি বাংলাদেশে প্রণীত গুমবিরোধী আইন ও জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এসব আইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বাধীনতা ও তদন্তের ক্ষমতায় এখনো ঘাটতি রয়েছে বলে মনে করেন তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন