সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১০:৩৮ এএম
গাজার হাসপাতালে জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তীব্র অর্থসংকটের কারণ দেখিয়ে অবরুদ্ধ এই উপত্যকার ২০টির বেশি সচল হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ডিজেল দেওয়া বন্ধ করা হচ্ছে। চিকিৎসকদের আশঙ্কা, সিদ্ধান্ত কার্যকর হলে উপত্যকার সামগ্রিক স্বাস্থ্যসেবা পুরোপুরি মুখ থুবড়ে পড়বে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় এই সংকটের ভয়াবহতা তুলে ধরেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ। বর্তমানে নামমাত্র যে জ্বালানি পাওয়া যায়, তা দিয়ে জেনারেটর চালিয়ে হাসপাতালগুলো কোনোমতে চালু রাখা হয়েছে। এর মধ্যে সরবরাহ বন্ধ হলে তৈরি হবে তীব্র মানবিক বিপর্যয়। জেনারেটর বন্ধ হয়ে গেলে অপারেশন থিয়েটার ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের কার্যক্রম তাৎক্ষণিকভাবে অচল হয়ে যাবে।
অক্সিজেন সরবরাহ ও কৃত্রিম শ্বাসযন্ত্রও বন্ধ হওয়ার মুখে। মুনির আল-বুরশ সতর্ক করে জানান, জ্বালানি না থাকলে ইনকিউবেটরে থাকা নবজাতক, নিয়মিত ডায়ালাইসিসের রোগী এবং চিকিৎসাধীন যুদ্ধাহত ব্যক্তিদের বাঁচিয়ে রাখা কঠিন হবে। অ্যাম্বুলেন্স চলাচলেও নেমে আসবে স্থবিরতা। এমনকি প্রয়োজনীয় ওষুধ ও শিশুদের টিকা সংরক্ষণের জন্য ব্যবহৃত হিমাগার বা শীতলীকরণ ব্যবস্থাও কাজ করবে না। এটি কেবল সাধারণ জ্বালানি সংকট নয়, বরং হাসপাতালগুলোকে স্থায়ীভাবে বন্ধ করার প্রক্রিয়ার অংশ বলে দাবি করেন তিনি।
এই পদক্ষেপ ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায় ও দাতা সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য প্রশাসন। তবে ডিজেল সরবরাহ বন্ধের এই সিদ্ধান্তের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তথ্যসূত্র: আনাদোলু

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন