আগস্ট ১৪, ২০২৫, ১০:৫৩ এএম
পশ্চিমবঙ্গে আবারও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) ২১ জন বাংলাদেশি নাগরিকের একটি নতুন তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। এই ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতীয় নথি ব্যবহার করে সেখানে বসবাস করছিলেন। এই ঘটনাটি রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
তালিকা অনুযায়ী, এই ২১ জনের কাছেই বাংলাদেশের বৈধ পাসপোর্ট ছিল। তবে তাদের কাছ থেকে অবৈধভাবে প্রাপ্ত ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং কারো কারো কাছে ভারতীয় পাসপোর্টও উদ্ধার করা হয়েছে। এটি প্রমাণ করে যে, তারা দীর্ঘদিন ধরে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়ে সেখানে বসবাস করছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, এই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে কেউ কেউ ২০১৭ সাল থেকে ট্যুরিস্ট ভিসায় ভারতে বসবাস করছেন এবং কলকাতার বেহালায় জমিও কিনেছেন। আবার কেউ কেউ মেডিক্যাল ভিসায় ভারতে এসে পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যদের অবৈধ পথে নিয়ে আসার ব্যবস্থা করেছেন। বনগাঁ সীমান্ত পেরিয়েও অনেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন বলে জানা গেছে। অভিবাসন দফতরের কাউন্টারে ভারতীয় নথি সহ বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করার পরই এই ঘটনা প্রকাশ্যে আসে।
এর আগে, গত ৫ আগস্ট একইভাবে আরও ৬ জন বাংলাদেশি নাগরিকের তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হয়েছিল। এই সকল বাংলাদেশি নাগরিকের ভারতীয় নথি বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে চলমান বিশেষ ইনটেনসিভ রিভিশন (SIR) কর্মসূচির মধ্যে এই ধরনের ঘটনা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অবৈধ অনুপ্রবেশ এবং ভুয়া ভোটারের এই ইস্যু আগামী দিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে। এটি ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা এবং জাতীয় নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন