সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৭:০০ পিএম
বাংলাদেশের ইলিশ মাছের প্রথম চালান ভারতে পৌঁছানোর পর কলকাতার বাজারে তা নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) ইলিশের প্রথম চালান বাজারে আসার পর তা দ্রুতই বিক্রি হয়ে যায়। প্রথম দিকে দাম বেশি থাকায় অনেক ক্রেতা হতাশ হলেও, আরও চালান এলে দাম কমার আশায় তারা খুশি।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, মানিকতলা ও লেক মার্কেটের মতো জনপ্রিয় বাজারে প্রায় এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২০০০ রুপিতে বিক্রি হয়েছে। ১.৫ কেজির বেশি ওজনের বড় মাছের দাম ছিল প্রতি কেজি ২,৫০০ রুপি। দুর্গাপূজা উপলক্ষে এই ইলিশের জন্য অধীর আগ্রহে থাকা ক্রেতারা উচ্চমূল্যেই সব মাছ কিনে নিয়েছেন।
ব্যবসায়ীরা আশা করছেন, সরবরাহ বাড়লে দাম কমে আসবে। প্রাথমিকভাবে সীমিত সরবরাহের কারণে হাওড়ার পাইকারি ডিপোতেও এক কেজির বেশি ওজনের ইলিশ ১,৫০০-১,৮০০ রুপিতে বিক্রি হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ৩৭ জন রপ্তানিকারককে ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫২৫ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, এই ইলিশ রপ্তানি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ করবে। তবে বাংলাদেশের সাধারণ ক্রেতারা মনে করছেন, এতে দেশীয় বাজারে ইলিশের দাম বেড়ে যেতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন