বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

সৌদি আরবকে পরমাণু অস্ত্র দেবে পাকিস্তান?

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৭:২৩ পিএম

সৌদি আরবকে পরমাণু অস্ত্র দেবে পাকিস্তান?

ছবি - সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এই চুক্তির আওতায় প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সৌদি আরবের জন্য সহজলভ্য করা হবে। তার এই মন্তব্যকে অনেকেই রিয়াদের প্রতি ইসলামাবাদের পারমাণবিক সুরক্ষার প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেখছেন।

চুক্তিতে সরাসরি পারমাণবিক প্রযুক্তি হস্তান্তরের কথা উল্লেখ না থাকলেও, আসিফের বক্তব্য থেকে এটি স্পষ্ট যে, কোনো দেশের ওপর আক্রমণ হলে তা উভয় দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে এবং সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। বিশ্লেষকরা মনে করছেন,

এটি ইসরায়েলের প্রতি একটি পরোক্ষ বার্তা, যা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক শক্তি হিসেবে বিবেচিত। দোহায় সম্প্রতি ইসরায়েলি হামলায় হামাস নেতাদের নিহত হওয়ার পর উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর নিরাপত্তা উদ্বেগ বেড়েছে, এবং এই প্রেক্ষাপটে পাকিস্তান-সৌদি চুক্তি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিরক্ষামন্ত্রী আসিফ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সমালোচনা করে বলেন, ইসরায়েল তাদের অপ্রকাশিত পারমাণবিক কর্মসূচি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দেয় না। তিনি আরও বলেন, এই চুক্তি শুধু দুই দেশের মধ্যে নয়, অন্য দেশও এতে যুক্ত হতে পারে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারও একই কথা জানিয়েছেন এবং বলেছেন, বেশ কিছু দেশ এতে আগ্রহ দেখিয়েছে।

পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সৌদি আরবের সম্পর্ক নতুন নয়। পাকিস্তানের সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ফিরোজ হাসান খান স্মরণ করিয়ে দেন, পাকিস্তান যখন পারমাণবিক কর্মসূচির কারণে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছিল, তখন সৌদি আরব অর্থনৈতিক সহায়তা দিয়েছিল। পাকিস্তানের হাতে থাকা শাহীন-৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম, যা এই চুক্তির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।