সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৮:০৮ পিএম
ফিলিপাইন সাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড় 'নান্দো' সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) একটি 'সুপার টাইফুনে' পরিণত হতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো। এই আশঙ্কায় ফিলিপাইনের অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করেছে।
ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের, বিশেষ করে উপকূলীয় অঞ্চল, নিচু এলাকা এবং ভূমিধসের ঝুঁকিতে থাকা মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ফিলিপাইন নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ঝড় আঘাত হানার সময় জননিরাপত্তা নিশ্চিত করতে কিছু নিয়ম জারি করা হয়েছে।
এর মধ্যে রয়েছে সমুদ্রে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা এবং মদ্যপান নিষিদ্ধ করা। ছোট নৌকা ও মাছ ধরার ট্রলারগুলোকে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
স্থানীয় প্রশাসনকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিদ্যুৎ সরবরাহ এবং মানবিক সহায়তা দিয়ে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। এই আশ্রয়কেন্দ্রগুলো ঝড়ে বাস্তুচ্যুত হওয়া মানুষের জন্য ব্যবহার করা হবে। স্বাস্থ্য বিভাগ ও উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখা এবং জলপথ পরিষ্কার রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
যদি ঝড়টি সুপার টাইফুনে পরিণত হয়, তাহলে এটি বাতাঁনেস-বাবুয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে অতিক্রম করবে। এই অবস্থায় বাতাঁনেস, কাগায়ান, ইলোকোস নর্তে, ইলোকোস সুর এবং কাগায়ানের সমুদ্র উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন