সেপ্টেম্বর ২১, ২০২৫, ১০:০৪ এএম
এশিয়ার দেশ ফিলিপাইনে আবারও বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। সরকারি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগে দেশটির হাজার হাজার মানুষ আজ (২১ সেপ্টেম্বর) রাজপথে নামছে। গ্রিনপিস এই বিক্ষোভের নাম দিয়েছে ‘ট্রিলিয়ন পেসো মার্চ’।
দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু সম্পর্কিত প্রকল্প থেকে প্রায় ১৭ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ মেট্রো ম্যানিলায় দুটি বড় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রথম বিক্ষোভটি সকাল ৯টায় রিজাল পার্ক থেকে শুরু হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠনগুলো অংশ নেবে। দ্বিতীয় ও সবচেয়ে বড় সমাবেশটি দুপুর ২টায় ইডিএসএ পিপল পাওয়ার মনুমেন্টে শুরু হবে, যেখানে প্রায় ৩০ হাজার মানুষের অংশগ্রহণের কথা রয়েছে।
২১ সেপ্টেম্বর তারিখটি ফিলিপাইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ। ১৯৭২ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক ফার্দিনান্দ মারকোস সামরিক আইন জারি করেছিলেন। তার পুত্র ও বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ ‘বংবং’ মারকোস জুনিয়র জনগণের বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন।
তিনি বলেন, “তারা রাস্তায় নামার জন্য কি তাদের দোষ দেবেন? আমি যদি প্রেসিডেন্ট না হতাম, আমিও হয়তো তাদের সঙ্গে থাকতাম। সবাই ক্ষুব্ধ, আমিও ক্ষুব্ধ।”
দুর্নীতির অভিযোগের মুখে গত সপ্তাহে প্রেসিডেন্টের আত্মীয় ও হাউজ স্পিকার মার্টিন রোমুয়ালদেজ পদত্যাগ করেন। প্রেসিডেন্ট মারকোসও সাবেক সুপ্রিম কোর্ট বিচারপতি আন্দ্রেস রেয়েসের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন