সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘গোপন অস্ত্র’ তৈরি করেছে উত্তর কোরিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:৩১ পিএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘গোপন অস্ত্র’ তৈরি করেছে উত্তর কোরিয়া

ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে 'নতুন গোপন অস্ত্র' তৈরি করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উন দাবি করেছেন, উত্তর কোরিয়া প্রতিরক্ষা বিজ্ঞানেও উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-কে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন।

কিম জং-উন বলেন, পিয়ংইয়ংকে যেকোনো সামরিক হুমকি প্রতিহত করার জন্য আরও শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উসকানিমূলক পদক্ষেপ এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে এবং উত্তর কোরিয়ার নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করছে।

তিনি আরও বলেন, অনুভূত হুমকি মোকাবিলায় উত্তর কোরিয়া ‘নতুন গোপন অস্ত্র’ তৈরি করেছে এবং প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিতে একাধিক গবেষণা সাফল্য এসেছে। তবে এই সাফল্যের বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।

কিম দাবি করেন, পিয়ংইয়ং তার সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় 'বিভিন্ন সামরিক মিশন সম্পাদনে সক্ষম' ডেস্ট্রয়ার তৈরি করে একটি কৌশলগত অক্ষ গড়ে তুলেছে। যদিও এই বিষয়েও তিনি বিস্তারিত কিছু বলেননি।

চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য একটি কঠিন জ্বালানি ইঞ্জিনের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করার ঘোষণা দিয়েছিল। এছাড়া, গত সপ্তাহে কৌশলগত ড্রোন ও একটি মনুষ্যবিহীন গোয়েন্দা বিমানের পরীক্ষাও চালানো হয়েছে বলে জানানো হয়।

কিম তার ভাষণে পারমাণবিক নিরস্ত্রীকরণের ধারণার সমালোচনা করে বলেন, "আমরা কখনই আমাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করব না।" তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক নিরস্ত্রীকরণের 'নিরর্থক আবেগ' ত্যাগ করে বাস্তবতাকে মেনে নেয়, তাহলে দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে।