সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৪:২৫ পিএম
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) স্থানীয় সময় বেলা ১১টায় রিয়াদে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। আরব নিউজ এই খবর নিশ্চিত করেছে।
রাজকীয় সৌদি আদালত এক বিবৃতিতে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশে মসজিদে হারাম ও মসজিদে নববিসহ দেশের সব মসজিদে তার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
শেখ আব্দুল আজিজ আল শেখ ১৯৯৯ সাল থেকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতির পদে নিযুক্ত ছিলেন। তিনি সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ধর্মীয় পণ্ডিত হিসেবে দায়িত্ব পালন করতেন এবং ইসলামিক রিসার্চ অ্যান্ড ইফতার জেনারেল প্রেসিডেন্সির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। তিনি শরিয়া আইন ব্যাখ্যা এবং সামাজিক ও আইনি বিষয়ে ফতোয়া জারি করতেন।
তিনি ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা প্রদান করেছেন। ২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে তিনি এই দায়িত্ব থেকে অবসর নেন। অল্প বয়সে পিতৃহারা হয়ে তিনি শৈশবেই কোরআন মুখস্থ করেন এবং বিশের কোঠায় দৃষ্টিশক্তি হারালেও শরিয়া আইন অধ্যয়ন চালিয়ে যান। তিনি একাধারে শিক্ষক, ইমাম, খতিব ও গবেষক ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন