বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

উপকূলের কাছাকাছি চলে এসেছে সুপার টাইফুন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:৪৩ পিএম

উপকূলের কাছাকাছি চলে এসেছে সুপার টাইফুন

ছবি - সংগৃহীত

সুপার টাইফুন রাগাসা চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানার আশঙ্কায় তীব্র সতর্কতা জারি করা হয়েছে। টাইফুনটি হংকংয়ের কাছাকাছি চলে আসায় গোটা অঞ্চলে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) অন্তত ১০টি শহরে স্কুল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রাগাসার বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২০ কিলোমিটার। হংকং অবজারভেটরি সতর্ক করে বলেছে, এই টাইফুনের "মারাত্মক প্রভাব পড়তে পারে" গুয়াংডং প্রদেশে, যা হংকংয়ের বাণিজ্যিক কেন্দ্রের পাশে অবস্থিত।

বার্তা সংস্থা এএফপি জানায়, শেনজেন শহরের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অপ্রয়োজনে কাউকে ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে। মঙ্গলবার বিকেল থেকে শহরের বিপণিবিতান ও বাজারগুলোও বন্ধ থাকবে।

আবহাওয়া পর্যবেক্ষকরা জানিয়েছেন, রাগাসার ব্যাপক পরিসর এবং দ্রুত গতি হংকংসহ গুয়াংডং উপকূলে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। এর প্রভাবে সমুদ্রের জোয়ারের উচ্চতা রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ২০১৭ সালের হাটো এবং ২০১৮ সালের মাংখুত টাইফুনের মতো এবারও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।