সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গাজা অভিমুখী ফ্লোটিলায় উড়ছে বাংলাদেশের পতাকা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১, ২০২৫, ০৮:২৮ পিএম

গাজা অভিমুখী ফ্লোটিলায় উড়ছে বাংলাদেশের পতাকা

ছবি - সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এই নৌবহরে এবার বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়তে দেখা গেছে, যা আমাদের জন্য এক গর্বের বিষয়।আসলে, এই সুমুদ ফ্লোটিলা যেন এক বিশাল আন্তর্জাতিক উদ্যোগ। বিশ্বের ৪৪টি দেশের মোট ৫৫টি জাহাজ এতে অংশগ্রহণ করছে।

সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিল্পী এবং সাধারণ স্বেচ্ছাসেবীরা যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণসামগ্রী নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন।এই নৌবহরের একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন বিখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম। তিনি সেখান থেকে বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে তোলা ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

এদিকে, গাজাকে যখন পুরোপুরি অবরুদ্ধ করে ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে, ঠিক তখনই বিশ্বের বহু কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও মানবাধিকার কর্মীর জাগ্রত বিবেক এই কঠিন পথে হাঁটতে বাধ্য করেছে। তাদের মূল লক্ষ্য হলো, উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে গাজায় পৌঁছে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো এবং বিশ্ব নেতাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করা।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্যতম মুখপাত্র ওয়ায়েল নাওয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেছেন, ত্রাণবাহী জাহাজ বহরটিকে আটকাতে ইসরায়েলের নৌবাহিনী গত কয়েক দিন ধরে তৎপরতা চালালেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। বর্তমানে জাহাজ বহরটি গাজার কাছাকাছি রয়েছে। আশা করা হচ্ছে, বৃহস্পতিবারের মধ্যেই ফ্লোটিলার জাহাজবহর গাজার উপকূলে ভিড়বে।