অক্টোবর ৩, ২০২৫, ১০:৫৮ এএম
প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট আবার চালু হতে চলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে দুই দেশের নির্দিষ্ট শহরের মধ্যে প্লেন চলাচল পুনরায় শুরু করার বিষয়ে সম্মতি হয়েছে। এই সিদ্ধান্ত শীতকালীন সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর হবে, যা শুরু হবে ২৬ অক্টোবর থেকে।
এই সিদ্ধান্তের পেছনে একটা বড় কারণ আছে: ২০২০ সালের মার্চে কোভিড-১৯ মহামারীর কারণে ভারত চীনের সঙ্গে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। এরপর গালওয়ান সংঘর্ষের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে সরাসরি ফ্লাইট চালু আর হয়নি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এই সমঝোতা জনগণের মধ্যে যোগাযোগ বাড়াবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে সহায়তা করবে।
তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে দুই দেশের নির্ধারিত বিমান সংস্থাগুলোর বাণিজ্যিক সিদ্ধান্ত ও অন্যান্য কার্যক্রমগত শর্ত পূরণ করতে হবে।এই ঘোষণার পরপরই ইন্ডিগো এয়ারলাইন্স দ্রুত পদক্ষেপ নিয়েছে। তারা কলকাতা-গুয়াংজু রুটে প্রতিদিনের সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে, যা ২৬ অক্টোবর থেকে শুরু হবে। এছাড়া দিল্লি-গুয়াংজু রুটেও ফ্লাইট চালু হবে বলে জানিয়েছে সংস্থাটি।
ইন্ডিগোর সিইও পিটার অ্যালবার্স বলেন, "প্রতিদিন ভারত-চীন সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। এটি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করবে।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন