সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সবচেয়ে শক্তিশালী’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ১১:২০ এএম

সবচেয়ে শক্তিশালী’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ছবি - সংগৃহীত

উত্তর কোরিয়া তাদের সামরিক সক্ষমতার এক বিশাল প্রদর্শনীতে দেশটির সর্বাধুনিক এবং ‘সবচেয়ে শক্তিশালী’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) ‘হোয়াসং-২০’ উন্মোচন করেছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন চীন, রাশিয়া ও ভিয়েতনামের উচ্চ পর্যায়ের বিদেশি অতিথিদের সামনে এই নতুন পারমাণবিক অস্ত্র প্রদর্শন করেন।

শনিবার (১১ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানী পিয়ংইয়ংয়ে এই বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।কুচকাওয়াজের মূল আকর্ষণ ছিল নতুন ‘হোয়াসং-২০’ ক্ষেপণাস্ত্রটি। কেসিএনএ এটিকে ‘সবচেয়ে শক্তিশালী কৌশলগত পারমাণবিক অস্ত্র’ হিসেবে বর্ণনা করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সলিড-ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম এবং এটি সম্ভবত একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, যা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে বিশেষভাবে কার্যকর।কুচকাওয়াজে দেওয়া ভাষণে কিম জং উন তার সেনাবাহিনীকে যেকোনো হুমকি মোকাবেলায় একটি ‘অজেয় সত্তা’ হিসেবে প্রস্তুত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের নেতৃত্বে আগত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কিম জং উন দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। মেদভেদেভও ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে উত্তর কোরিয়ার সমর্থনের প্রশংসা করেন। এই নায় চীন ও ভিয়েতনামের শীর্ষ পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন, যা পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে দেশগুলোর ক্রমবর্ধমান জোটবদ্ধতার ইঙ্গিত দেয়।