অক্টোবর ১২, ২০২৫, ০৪:২৬ পিএম
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্ত পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার রাতের ব্যাপক সংঘর্ষের পর আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে বলে জানা গেছে। দুই দেশের পাল্টাপাল্টি দাবিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।রোববার (১২ অক্টোবর) আফগান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ কাবুলে এক সংবাদ সম্মেলনে দাবি করেন,
তাদের বাহিনীর ‘প্রতিশোধমূলক’ অভিযানে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছে। তিনি আরও দাবি করেন, আফগান বাহিনী পাকিস্তানের ২৫টি সামরিক সীমান্ত চৌকি দখল করে নিয়েছে।তবে, পাকিস্তান এই দাবি অস্বীকার করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাল্টা দাবি করেছে, পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখল করেছে এবং তাদের অভিযানে ‘কয়েক ডজন’ আফগান সেনা ও জঙ্গি নিহত হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আফগানিস্তানের হামলাকে ‘বিনা উসকানিতে আক্রমণ’ বলে অভিহিত করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “প্রতিটি ইটের বদলে পাথর ছুড়ে জবাব দেওয়া হবে।” সংঘর্ষের জেরে পাকিস্তান তোরখাম ও চমনসহ আফগানিস্তানের সঙ্গে তাদের প্রধান সকল সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের এক বিমান হামলার পরই এই উত্তেজনার সূত্রপাত। তালেবান সরকার দাবি করছে, তাদের আকাশসীমা লঙ্ঘন করে চালানো ওই হামলার প্রতিশোধ হিসেবেই তারা সীমান্তে এই অভিযান চালিয়েছে। এই নজিরবিহীন সংঘর্ষ পারমাণবিক শক্তিধর পাকিস্তান এবং তালেবান শাসিত আফগানিস্তানের সম্পর্ককে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন