অক্টোবর ২০, ২০২৫, ০৮:৪৯ এএম
মিশরে বিশ্বনেতাদের মধ্যস্থতায় ঐতিহাসিক গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার এক সপ্তাহ পার হলেও গাজা উপত্যকায় শান্তি ফেরেনি। গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল গত আট দিনে অন্তত ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ অক্টোবর) গাজার জেইতুন মহল্লায়, যেখানে একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি ট্যাংকের শেলে একই পরিবারের ১১ জন নিহত হন, যাদের মধ্যে ৭ জনই শিশু।
ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলাগুলোর কথা স্বীকার করে দাবি করেছে, হামাস যোদ্ধাদের ‘সন্ত্রাসী তৎপরতা’ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই তারা এই ‘পাল্টা হামলা’ চালাতে বাধ্য হয়েছে।তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ইসরাইলই চুক্তি লঙ্ঘন করে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে।
এদিকে, এই চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, “গাজার যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে এবং ওয়াশিংটন পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে।”উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলের পক্ষে নিহতের সংখ্যা ১ হাজার ১৩৯ জন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন