সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রুশ-মার্কিন বৈঠক ওয়াশিংটনের ওপর নির্ভরশীল: ল্যাভরভ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০২:০১ পিএম

রুশ-মার্কিন বৈঠক ওয়াশিংটনের ওপর নির্ভরশীল: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেছেন, মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক আয়োজনের সম্ভাবনা পুরোপুরি ওয়াশিংটনের ওপর নির্ভর করছে। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া এই ধরনের বৈঠকের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তবে উদ্যোগটি যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

হাঙ্গেরিয়ান ইউটিউব চ্যানেল আল্ট্রাহ্যাংকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হাঙ্গেরিতে একটি বৈঠক করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণের জবাবে প্রেসিডেন্ট পুতিন প্রস্তুতিমূলক কাজ শুরু করার বিষয়ে সম্মতিও জানিয়েছেন।

রাশিয়া-মার্কিন শীর্ষ সম্মেলনের জন্য মস্কো প্রস্তুত থাকলেও এর উদ্যোগ ওয়াশিংটনের ওপর নির্ভরশীল বলে পুনরায় উল্লেখ করেন ল্যাভরভ। তিনি অতীতের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, ‘(অতীতে) বৈঠকে বসার আমন্ত্রণ জানানো হয়। আমরা রাজি হই। তারপর তা বাতিল করা হয়।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার একটি ফোনালাপ হয়েছে, যা বেশ ভালো আলোচনা ছিল। ল্যাভরভ স্পষ্ট করেন, ‘এই ফোনকলটি এসেছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।’ তিনি আরও যোগ করেন, (মার্কিন) পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আলাপ ফলপ্রসূ হয়েছে। এতটাই ভালো যে আপাতত নতুন কোনো বৈঠকের প্রয়োজন মনে করা হয়নি।

ল্যাভরভ বলেন, গত আগস্টে আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের ফলাফল নিয়ে রুবিওর সঙ্গে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নতুন কোনো বৈঠক বা কথোপকথনের প্রসঙ্গ তোলেননি। ল্যাভরভ বলেন, ‘আমিও তুলিনি, কারণ উদ্যোগটা তাদের দিক থেকেই এসেছিল। যুক্তরাষ্ট্র যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে, আমরা সেভাবেই প্রস্তুত।’