সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট মিলেইর দলের বড় জয়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৪:০২ পিএম

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট মিলেইর দলের বড় জয়

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেইর ডানপন্থী দল লা লিবার্টেড অ্যাভাঞ্জা বড় ধরনের জয় পেয়েছে। রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত এই নির্বাচনে মিলেইর দল প্রায় ৪১ শতাংশ ভোট পেয়েছে। এই ফলাফলকে মিলেইর অর্থনৈতিক সংস্কার কর্মসূচির প্রতি জনসমর্থন হিসেবে দেখা হচ্ছে।

আল জাজিরার খবর অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, প্রেসিডেন্ট মিলেইর দল লা লিবার্টেড অ্যাভাঞ্জা সিনেটের ২৪টি আসনের মধ্যে ১৩টি এবং নিম্নকক্ষের ১২৭টি আসনের মধ্যে ৬৪টি আসনে জয়লাভ করেছে। এই নির্বাচনে আর্জেন্টিনার কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের মোট আসনের এক-তৃতীয়াংশ এবং নিম্ন কক্ষ চেম্বার অব ডেপুটির মোট আসনের অর্ধেকে ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে মিলেইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী পক্ষ, মধ্য-বামপন্থী পেরোনিস্ট মুভমেন্ট, পেয়েছে মাত্র ৩১ দশমিক ৬৪ শতাংশ ভোট। এই ফলাফল দলটির জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।মধ্যবর্তী এই সাফল্য প্রেসিডেন্ট মিলেইর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে তার বিতর্কিত অর্থনৈতিক কর্মসূচি, বিশেষ করে রাষ্ট্রীয় ব্যয় কমানো এবং অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত করার পরিকল্পনা এগিয়ে নেওয়া অনেক সহজ হবে। সমালোচকরা মিলেইর এই পদক্ষেপকে 'শক থেরাপি' বললেও নির্বাচনে জনগণ তাতে সমর্থন দিয়েছে।

এছাড়াও, এই জয়ের ফলে কংগ্রেসে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা বহাল রাখা, সম্ভাব্য অভিশংসনের প্রচেষ্টা রোধ করা এবং আগামী মাসগুলোতে কর ও শ্রম সংস্কারের মতো উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা তার জন্য সহজ হবে।তবে, এই বড় জয় সত্ত্বেও প্রেসিডেন্ট মিলেইর দল লা লিবার্টেড অ্যাভাঞ্জা কংগ্রেসে আইন পাস করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। গুরুত্বপূর্ণ আইনগুলো পাস করার জন্য প্রেসিডেন্টকে এখন কংগ্রেসে মধ্য-ডানপন্থী অন্যান্য দলগুলোর সঙ্গে জোট গঠন করতে হবে বা আলোচনার মাধ্যমে সমর্থন আদায় করতে হবে।