সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে দাঁড়ালেন পুতিন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৭:৪৪ পিএম

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে দাঁড়ালেন পুতিন

রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক উত্তেজনা আরও বাড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্বে স্থগিত থাকা প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন। সোমবার (২৭ অক্টোবর) রুশ প্রেসিডেন্ট একটি আইনে স্বাক্ষর করে এই চুক্তিটি বাতিল করেন। এই চুক্তিটির মূল লক্ষ্য ছিল উভয় পক্ষকে নতুন করে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখা।

পুতিন যে আইনে স্বাক্ষর করেছেন, তা চলতি মাসের শুরুতে রাশিয়ার আইন প্রণেতারা অনুমোদন করেছিলেন। এই স্বাক্ষরের মাধ্যমে চুক্তিটি চূড়ান্তভাবে ‘বাতিলকরণ’ করা হলো। স্নায়ুযুদ্ধের পর দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র হ্রাসে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতো।

এই পদক্ষেপটি এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের সম্পর্ক ক্রমশ শীতল হয়ে উঠছে। ইউক্রেনে একটি শান্তিচুক্তি গ্রহণে রুশ প্রেসিডেন্ট অস্বীকৃতি জানানোয় প্রেসিডেন্ট ট্রাম্প তার রুশ প্রতিপক্ষের ওপর ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করেছেন। সম্প্রতি ট্রাম্প পুতিনের সঙ্গে একটি পরিকল্পিত শান্তি শীর্ষ বৈঠক বাতিল করে দেন এবং এটিকে ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছিলেন।

২০০০ সালে স্বাক্ষরিত এবং ২০১০ সালে সংশোধিত এই ‘প্লুটোনিয়াম ব্যবস্থাপনা ও নিষ্পত্তি চুক্তি’র আওতায় মস্কো এবং ওয়াশিংটন উভয়ই তাদের স্নায়ুযুদ্ধ আমলের বিশাল পারমাণবিক মজুত থেকে ৩৪ মেট্রিক টন করে প্লুটোনিয়াম হ্রাস করতে অঙ্গীকারবদ্ধ হয়েছিল। চুক্তি অনুযায়ী, এই প্লুটোনিয়াম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করার কথা ছিল। চুক্তিটির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই তা বাতিল করা হলো।

মার্কিন কর্মকর্তাদের অনুমান, এই চুক্তির ফলে প্রায় ১৭ হাজার পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান পারমাণবিক কর্মসূচি থেকে অপসারণ করা সম্ভব হতো।২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় সেনা পাঠানোর পর থেকেই পশ্চিমা নেতারা রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধংদেহী মনোভাব প্রদর্শনের অভিযোগ করে আসছেন। হামলা শুরুর কয়েক দিনের মধ্যেই পুতিন তার পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছিলেন।

গত বছর রুশ নেতা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমা কমানোর একটি ডিক্রিতেও স্বাক্ষর করেন, যা পশ্চিমা বিশ্বে ব্যাপক উদ্বেগ তৈরি করে।এই উত্তেজনার মধ্যেই গতকাল রোববার (২৬ অক্টোবর) পুতিন ঘোষণা করেন যে, রাশিয়া একটি নতুন পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল চূড়ান্ত পরীক্ষা চালিয়েছে।