মে ৪, ২০২৬, ১২:০৫ পিএম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডের পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পিএসসি সচিবালয়ের ১৩টি ক্যাটাগরিতে মোট ৯০টি শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে।অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে গত ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ মে ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদের বিবরণে দেখা গেছে কম্পিউটার অপারেটর পদে ৬ জন নিয়োগ পাবেন যার বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা। এ ছাড়াও প্রশিক্ষণ সহকারী পদে ১ জন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১২ জন এবং হিসাব সহকারী পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৩ জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫ জন, ডাটা এন্ট্রি অপারেটর ১ জন, অভ্যর্থনাকারী ১ জন ও টেলিফোন অপারেটর পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে।
নিয়োগের তালিকায় আরও রয়েছে গাড়িচালক ৫ জন, অফিস সহায়ক ৩৬ জন, নিরাপত্তা প্রহরী ১ জন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ২ জন। পদের মান অনুযায়ী বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।আবেদনের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি প্রদানের ক্ষেত্রে ১ থেকে ১০ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য মোট ৫৬ টাকা জমা দিতে হবে। সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের জন্যও ৫৬ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরম জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এই ফি প্রদান করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন