মে ১০, ২০২৬, ১২:৪২ পিএম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ৯০টি পদের বিপরীতে চলমান নিয়োগ আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল সোমবার (১১ মে)। ১৩ থেকে ২০ গ্রেডের মোট ১৩টি ক্যাটাগরিতে এই নিয়োগ দেওয়া হচ্ছে।
পিএসসি সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ মে বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত লিংকের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে ৬ জন, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১২ জন এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৩ জন নিয়োগ পাবেন। এ ছাড়া অফিস সহায়ক পদে সর্বোচ্চ ৩৬ জনসহ মোট ৯০ জনকে ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে।
অন্যান্য পদের মধ্যে রয়েছে প্রশিক্ষণ সহকারী, হিসাব সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, গাড়িচালক এবং নিরাপত্তা প্রহরী।আবেদনকারীদের বয়সসীমা ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের পদের যোগ্যতা অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও কারিগরি দক্ষতা থাকতে হবে।আবেদন ফি হিসেবে ১ থেকে ১০ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে।
তবে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য সব পদের ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরম জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।গত ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। সোমবার বিকেল ৫টার পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে পিএসসি সচিবালয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন