রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৫:০২ পিএম

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রীর করা মামলায় জামিনের শর্ত ভঙ্গ করায় আদালত এই আদেশ দেন।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত শুনানি শেষে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,

আসামিরা আদালতের দেওয়া জামিনের শর্ত ভঙ্গ করায় আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে দেন।

মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি মামলার বাদী রিয়া মনি ও হিরো আলমের মধ্যে মনোমালিন্য হলে রিয়া মনিকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। পরবর্তীতে গত ২১ জুন আসামির সাথে বাদীর মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। রিয়া মনি তার পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেলে আসামিসহ অজ্ঞাতনামা ১০-১২ জন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

অভিযোগে আরও বলা হয়, হিরো আলমসহ ১০-১২ জন বেআইনিভাবে বাদীর বর্তমান ঠিকানায় প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে কাঠের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি মারধর করে। এসময় বাদীর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন কৌশলে তারা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় গত ২৩ জুন রিয়া মনি বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেছিলেন।