নভেম্বর ১৩, ২০২৫, ০৯:৪৪ এএম
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলাটি বর্তমানে রায়ের অপেক্ষার তালিকায় এক নম্বরে রয়েছে।
আজ এই ঐতিহাসিক মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে বলে প্রসিকিউশন সূত্রে আশা করা হচ্ছে।মামলার অন্য দুই প্রধান আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শেখ হাসিনা বর্তমানে ভারতে পলাতক রয়েছেন। উল্লেখ্য, মামলার বিচার চলাকালীন একপর্যায়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে ঘটনার সত্য উদ্ঘাটনে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করলে তিনি রাজসাক্ষী হিসেবে আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রদান করেন। এর আগে গত বুধবার প্রসিকিউশন টিম যুক্তিতর্ক উপস্থাপনকালে পলাতক আসামি শেখ হাসিনার সর্বোচ্চ সাজার দাবি পুনর্ব্যক্ত করেছে।
গত ১২ মে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এবং ১০ জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উসকানি ও পরিকল্পনাসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে হত্যা, রংপুরে আবু সাঈদ হত্যা, ঢাকার চানখাঁরপুলে গণহত্যা এবং সাভারের আশুলিয়ায় লাশ পুড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
এই মামলায় মোট ৫৪ জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন। সাক্ষীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক শহীদ আবু সাঈদের বাবা, সাংবাদিক মাহমুদুর রহমান, বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলাম এবং বিশিষ্ট বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর উল্লেখযোগ্য। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে মামলাটি এখন রায়ের পর্যায়ে রয়েছে এবং আজই রায়ের দিনক্ষণ জানা যেতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন