ডিসেম্বর ৮, ২০২৫, ১১:২১ এএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে আজ।
সোমবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ বিষয়ে শুনানি গ্রহণ করবেন এবং আদেশ দেবেন।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে গত ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাডভোকেট ফজলুর রহমানকে তলব করে শুনানি ও আদেশের জন্য আজকের দিনটি ধার্য করেছিলেন। আদালত তাকে সশরীরে উপস্থিত হয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেন। এছাড়াও ওইদিন আদালত অবমাননার অভিযোগে ফজলুর রহমানের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়, যেখানে জানতে চাওয়া হয় কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।
গত ৩০ নভেম্বরের আদেশে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানকে আদালতে হাজির হয়ে নিজের সব অ্যাকাডেমিক সনদ ও আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল প্রদত্ত সনদও নিয়ে আসতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এরই পরিপ্রেক্ষিতে তিনি গত ৩ ডিসেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে লিখিত আবেদন দাখিল করে তার অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৬ নভেম্বর ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ), অভিযোগটি দায়ের করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। আজকের শুনানিতে আদালত তার নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করবেন কিনা এবং আইনগত কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে আদেশ দেবেন বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন