ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:১৭ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার মোটরসাইকেল মালিক মো. আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আজ সকালে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে র্যাব আব্দুল হান্নানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় তখনো মামলা না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হান্নানকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।
রিমান্ড শুনানিতে আব্দুল হান্নান আদালতকে জানান, ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি তিনি মিরপুরের মাজার রোড থেকে কিনেছিলেন। তবে পরিবার থেকে বাইক চালাতে নিষেধ করায় প্রথম দিকে সেটি বাসায় পড়ে ছিল।একপর্যায়ে মোটরসাইকেলটি নষ্ট হয়ে যাবে ভেবে তিনি একটি শোরুমে বিক্রি করে দেন। তিনি আদালতকে আরও জানান,তাদের (শোরুম) আমি নাম চেঞ্জ (মালিকানা পরিবর্তন) করে দেওয়ার কথা বলেছিলাম। তারা দুই মাস আগে কল দিয়েছিল, তবে সে সময় আমি অসুস্থ থাকায় মালিকানা পরিবর্তন করার জন্য শোরুমে যেতে পারিনি।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম নিশ্চিত করেছেন যে, ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি এখনো দেশেই আছে।রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা জানান:গ্রেপ্তার: হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক (আব্দুল হান্নান)। বাকি দুজন অবৈধ পথে সীমান্ত পারাপার করে থাকে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পাসপোর্ট ব্লক: অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। ইমিগ্রেশন ডাটাবেজ অনুযায়ী তারা দেশ থেকে পালিয়ে যায়নি। ফয়সালের পাসপোর্ট নম্বর অনুযায়ী দেশে আসার পর বিদেশে যাওয়ার কোনো তথ্য নেই।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন