ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১২:০২ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষার্থী গোলাম নাফিজসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।এই মামলায় অভিযুক্ত ২২ জন আসামির মধ্যে একমাত্র গ্রেপ্তার থাকা পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি শচীন মৌলিককে এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সকালে আদালত প্রাঙ্গণে আনা হয়। আদালত সূত্রে জানা গেছে আজ এই ট্রাইব্যুনালে এই মামলা ছাড়াও আরও তিনটি গুরুত্বপূর্ণ মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য দিন ধার্য রয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আরেকটি ভিন্ন মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শচীন মৌলিক ছাড়াও বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া মোট ১৭ জন আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নাফিজসহ তিনজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই মামলাটি দায়ের করা হয়। মামলার নথিতে আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যার নির্দেশ দাতা ও সরাসরি জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। আজকের শুনানির মাধ্যমে এই স্পর্শকাতর মামলার পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন