বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হত্যাচেষ্টা মামলায় সাবেক ছাত্রনেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৫, ২০২৬, ০৫:০৭ পিএম

হত্যাচেষ্টা মামলায় সাবেক ছাত্রনেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে

আদালতে রিয়াদের রিমান্ড মঞ্জুর

রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। 

মামলার অন্য তিন আসামি মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারের রিমান্ড ও জামিন উভয় আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে রিয়াদসহ অন্য আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক আরমান আলী আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। 

আজ সেই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রধান অভিযুক্ত রিয়াদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ভুক্তভোগী নির্জন সরদার বাঁধন ও তার বন্ধুদের সঙ্গে আসামিদের পূর্ব শত্রুতা ছিল। গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভেতরে স্থায়ী ক্যাম্পাস ও সমাবর্তন সংক্রান্ত আলোচনার সময় আসামিদের সঙ্গে বাদানুবাদ হয়। একপর্যায়ে রিয়াদের নির্দেশে অন্য আসামিরা ভুক্তভোগীকে চেয়ার দিয়ে আঘাত করেন। 

অভিযোগে আরও বলা হয়, আসামি রাজ্জাক রিয়াদ সুইচ গিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে নির্জনের মুখমণ্ডলে আঘাত করেন, যাতে তার নাকের উপরিভাগ গুরুত্বর জখম হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে আসামিরা হুমকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে পুলিশ ঘটনাস্থল থেকেই তাদের আটক করতে সক্ষম হয়। এই ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী নির্জন।