এপ্রিল ৩০, ২০২৬, ১০:৩৪ এএম
এশিয়ার বৃহত্তম বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে।ঢাকা বারের প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭২৭ জন।
গতকাল বুধবার প্রথম দিনে ২ হাজার ৭৫৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ দ্বিতীয় দিনে সকাল থেকেই ভোটকেন্দ্রের সামনে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়তে পারে বলে নির্বাচন কমিশন মনে করছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সম্পাদকীয় পদসমূহে ১৩ জন এবং কার্যকরী সদস্য পদে ১০ জনসহ মোট ২৩টি পদের বিপরীতে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল এবং জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে ২৩ জন করে মোট ৪৬ জন প্রার্থী অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আরও ৮ জন।
নীল প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি প্রার্থী আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক প্রার্থী মো. আবুল কালাম খান। অন্যদিকে সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সভাপতি পদে মো. ইউনুস আলী বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শহীদুল্লাহ ও বলাই চন্দ্র দেবসহ আরও কয়েকজন রয়েছেন।
এবারের নির্বাচনে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকার কারণে আওয়ামী লীগ সমর্থিত কোনো প্রার্থী বা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। ফলে মূল লড়াই নীল ও সবুজ প্যানেলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে ভোটাররা মনে করছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটাররা জানিয়েছেন, যারা আইনজীবীদের কল্যাণে কাজ করবে এবং বারের মর্যাদা রক্ষা করবে, এমন যোগ্য প্রার্থীদেরই তারা বেছে নেবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন