রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অনিয়মের কারণে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২, ২০২৬, ০২:৪২ পিএম

অনিয়মের কারণে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি

ঢাকা বার নির্বাচন ২০২৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে জাল ভোট প্রদান ও বিভিন্ন অনিয়মের কারণে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি বলে অভিযোগ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল। শনিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এই অভিযোগ উত্থাপন করেন।

বিবৃতিতে মতিউর রহমান আকন্দ বলেন, ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন গঠনে অসামঞ্জস্য থাকার কারণে অনেক ক্ষেত্রে জাল ভোট প্রদানের ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এগুলো ঠেকাতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ ছাড়া নির্বাচনের বিভিন্ন বুথে ঢুকে তথ্য টেম্পারিং করার অভিযোগ করেন তিনি। বেশ কিছু ভোটার ভোট দিতে এসে দেখেন তাঁদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে বলে তিনি জানান।

ল’ইয়ার্স কাউন্সিলের অভিযোগ অনুযায়ী, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে পক্ষপাতিত্ব করা হয়েছে। নিয়মানুযায়ী দুটি প্যানেলের মতামতের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার এবং উভয় প্যানেল থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে নির্বাচন কমিশন গঠিত হওয়ার কথা থাকলেও এবার তা মানা হয়নি।

 ২০২৬-২০২৭ কার্যকরী বর্ষের নির্বাচনের জন্য বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ৯০ জন এবং ল‍‍`ইয়ার্স কাউন্সিল সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেল থেকে মাত্র ৪১ জন সদস্য নিয়ে কমিশন গঠন করা হয়েছিল।মতিউর রহমান আকন্দ জানান, নির্বাচন কমিশন গঠনে এই অসমতার বিষয়টি নিয়ে বার কাউন্সিল এবং প্রধান নির্বাচন কমিশনারকে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ভোটার স্লিপ ছাড়াই ব্যালট পেপার প্রদান করায় জাল ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন। সার্বিক ব্যবস্থাপনায় এই পক্ষপাতিত্বের কারণে আইনজীবীদের কাছে নির্বাচনটি বিশ্বাসযোগ্য হয়নি বলে দাবি করেন তিনি।

অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ আরও বলেন, ভোট গ্রহণ শেষে গণনা প্রক্রিয়ার ক্ষেত্রেও অনিয়ম ও বিশৃঙ্খলা দেখা গেছে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আইনজীবী ভাই-বোনদের ন্যায়সংগত দাবি আদায়ে ল’ইয়ার্স কাউন্সিল ও ১১ দলীয় জোট অতীতের ন্যায় ভবিষ্যতেও সাথে থাকবে বলে তিনি অঙ্গীকার করেন।

উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিপুল ব্যবধানে ২৩ পদের সবকটিতে জয়লাভ করেছে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’ (নীল প্যানেল)। শুক্রবার ভোট গণনা শেষে রাতে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।