মে ৩, ২০২৬, ০৭:১১ পিএম
মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে চালানো অভিযানে ৩২ জনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই হত্যাকাণ্ডের প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।রোববার (৩ মে) সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে এই গণহত্যার তদন্ত করছে।
ইতিমধ্যে তদন্তের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি মে মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২০ থেকে ২৫ জনকে আসামি করা হতে পারে।
তবে তদন্তের স্বার্থে আসামিদের পূর্ণাঙ্গ নাম এখনই প্রকাশ করতে চাননি প্রসিকিউশন টিম। ইতিমধ্যে শাপলা চত্বর গণহত্যায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে দায়ের করা মামলায় ৯ জনকে প্রাথমিকভাবে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে চারজন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাঁরা হলেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম।
অন্যদিকে, শেখ হাসিনা ছাড়াও এই মামলার অন্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ। তদন্ত সংস্থা জানিয়েছে, ২০১৩ সালের সেই রাতে পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়েছিল এবং সেখানে সাধারণ মানুষের ওপর বলপ্রয়োগের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন