মে ১৩, ২০২৬, ০৪:৫৬ পিএম
কারাগারে অসুস্থ সাবেক সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মো. জাহাঙ্গীর আলমকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর কোতোয়ালি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী রিপন (৩৬) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
বুধবার (১৩ মে) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ দেন। এদিন দুপুরে জাহাঙ্গীর আলমকে কারাগার থেকে এনে হুইলচেয়ারে করে লিফটের মাধ্যমে আদালতে তোলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর আগে গত বছরের বিভিন্ন সময়ে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে জাহাঙ্গীর আলম বর্তমানে জেল-হাজতে রয়েছেন।
সাবেক সচিবের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, জাহাঙ্গীর আলম শারীরিকভবে অত্যন্ত অসুস্থ। তাঁকে এই অবস্থায় শুধুমাত্র হেনস্তা করার জন্য হুইলচেয়ারে করে আদালতে আনা হয়েছে। তিনি আরও দাবি করেন, মামলাটি ২০২৪ সালে করা হলেও ১৯ মাস পার হয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন আসেনি। তাঁর মক্কেল সচিব থাকাকালীন শুধুমাত্র ওপরের নির্দেশ ও দায়িত্ব পালন করেছেন, তাঁর ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল আনুমানিক ১০টায় কোতোয়ালি থানাধীন সদরঘাট ডিআইটি বাজার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সশস্ত্র হামলা চালানো হয়। ওই সময় গুলিতে ভুক্তভোগী রিপন গলায় গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতেই বুধবার সাবেক এই সিনিয়র সচিবকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিলেন আদালত। শুনানি শেষে তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন