শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:২৭ পিএম

নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের সুযোগ নেই বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

উপদেষ্টা আশ্বস্ত করে বলেন যে, এবারের নির্বাচন অত্যন্ত গ্রহণযোগ্য ও স্বচ্ছ হবে এবং কারচুপির যেকোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের দিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার বিষয়ে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নির্বাচনটি হবে সম্পূর্ণ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল। কোথাও যদি কোনো অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটে, তবে তা আমাদের জানাবেন; আমরা তাৎক্ষণিক অ্যাকশন নেব।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু ভোট সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান যে, প্রতিটি এলাকায় পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

রংপুরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ রংপুর বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার এবং সশস্ত্র বাহিনী, র‍্যাব, বিজিবি ও আনসার-ভিডিপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও মাঠ পর্যায়ের নির্বাচনী কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও সভায় যোগ দেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে রংপুরের প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।