মে ১৭, ২০২৬, ০৩:১৭ পিএম
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন সিরাজগঞ্জের একটি আদালত। আজ রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের চৌহালী আমলী আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ প্রদান করেন। নির্দিষ্ট সময়ে আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হলো।
আজ আদালতে তাঁর হাজির হওয়ার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত উপস্থিত হননি।মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিবাদী আমির হামজার বিরুদ্ধে আগেই আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছিল।
কিন্তু তিনি আজ নির্ধারিত দিনেও আদালতে উপস্থিত না হওয়ায় শেষ পর্যন্ত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিলেন বিচারক। এই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমেই মূলত এই মানহানির মামলায় আমির হামজার অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া শুরু হবে।
আদালত সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হাটশ হরিপুর বড় জামে মসজিদে এক আলোচনায় অংশ নেন মুফতি আমির হামজা। সেখানে তিনি বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন।
এতে ক্ষুব্ধ হয়ে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে এই মানহানির মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি উপস্থিত হননি, যার ফলে পরবর্তীতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন