জুন ৭, ২০২৬, ১২:০৩ পিএম
দোষীদের শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, সেই ফাঁসি যেন কার্যকর হয় সেটিও নিশ্চিত করতে হবে। তবেই আমার পরিবারসহ দেশের অন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও শান্তি পাবে। রবিবার ঢাকার আদালত প্রাঙ্গণে এ কথা বলেন জুলাই আন্দোলনে নিহত মিরাজুল ইসলাম মিরাজের বাবা আব্দুস সালাম।তিনি রাজধানীর মিরপুরের শিশু রামিসা হত্যা মামলার রায় শুনতে আদালতে এসেছিলেন।
আব্দুস সালাম জানান, সরকার এমন আইন করুক যেখানে কোনো দুর্বলতা বা ফাঁকফোকর থাকবে না। তার আশঙ্কা, বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতায় পড়লে তিনি হয়তো তার ছেলে মিরাজ হত্যার বিচার নাও পেতে পারেন। একই উদ্বেগ যাত্রাবাড়ির অন্যান্য হত্যাকাণ্ডের ক্ষেত্রেও।
জুলাই আন্দোলনের সব মামলার অগ্রগতি দৃশ্যমান না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে তিনি আগেও বিচার চেয়েছেন। কিন্তু এখনও কেন আইনের সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন নিশ্চিত হচ্ছে না, তা তার বোধগম্য নয়। জুলাই হত্যাকাণ্ডের প্রতিটি মামলার অগ্রগতি এখন স্থবির হয়ে আছে বলে তিনি দাবি করেন।
মিরাজ হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যসহ সব ধরনের প্রমাণ তদন্ত সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে। তারপরও কেন মামলার অভিযোগপত্র আদালতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তার। অথচ আজ পল্লবীর শিশু হত্যা মামলায় মাত্র ২০ দিনের মাথায় আদালতের রায় ঘোষণা করা হলো।
রোববার বেলা ১১টা ৩৮ মিনিটে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন শিশু রামিসা হত্যা মামলার রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় শুনতে আদালতে উপস্থিত হয়ে আব্দুস সালাম পুনরায় জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান। তিনি মনে করেন, দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা কঠিন হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন