জুন ৭, ২০২৬, ১২:২৪ পিএম
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার বেলা ১১টা ৩৮ মিনিটে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় ঘোষণা করেন।রায় শোনার পর নিহত শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তুষ্টি প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি আদালতের এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন।
রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে জানান, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ ও শরীরের বিভিন্ন স্থানে জখমের প্রমাণ পাওয়া গেছে। প্রধান আসামি সোহেল রানা স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং পরে তা প্রত্যাহারের কোনো আবেদন করেননি।
এছাড়া স্বামীকে পালাতে ও আলামত নষ্ট করতে তার স্ত্রী স্বপ্না সক্রিয়ভাবে সহায়তা করেছেন।ঘটনার মাত্র ২০ দিনের মাথায় এই রায় ঘোষণা করা হলো, যা বিচার বিভাগের ইতিহাসে দ্রুততম বিচারের এক অনন্য দৃষ্টান্ত। গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছরের শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পরপরই পুলিশ স্বপ্নাকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।মামলাটি তদন্ত শেষে মাত্র পাঁচ দিনের মাথায় ২৪ মে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ১ জুন অভিযোগ গঠন এবং ২ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মাত্র চার কার্যদিবসে মামলার সব সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ চূড়ান্ত রায় ঘোষণা করা হলো।
আদালত প্রাঙ্গণে রায়কে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। সোহেল ও স্বপ্নাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু রায়ের বিষয়টি নিশ্চিত করেন। এই মামলার দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় জনমনে স্বস্তি প্রকাশ পেয়েছে। পরিবার এখন আদালতের রায়ের দ্রুত বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন