জুন ১০, ২০২৬, ০৮:০৯ পিএম
নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ধর্ষণ ও হত্যাকাণ্ডের আলোচিত মামলাগুলোর ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার নেতৃত্বাধীন এই বেঞ্চ মামলার শুনানি কার্যক্রম পরিচালনা করবেন। বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
আগামী ১৪ জুন থেকে বেঞ্চটি তার কার্যক্রম শুরু করবে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃত্যুদণ্ডাদেশের কনফারমেশন রেফারেন্সসহ এ সংক্রান্ত সব ধরনের ফৌজদারি আপিল ও রিভিশন শুনানির জন্য এই বেঞ্চটি সুনির্দিষ্টভাবে কাজ করবে।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এই বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলেন।তিনি জানিয়েছেন, এখন থেকে এই বেঞ্চটি নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার আপিল নিষ্পত্তিতে ডেডিকেটেড বা সুনির্দিষ্টভাবে নিয়োজিত থাকবে। কোনো প্রকার মূলতবি ছাড়াই শুনানি এগিয়ে নেওয়ার জন্য আইন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মূলত চাঞ্চল্যকর মামলাগুলোর রায় কার্যকরে দীর্ঘসূত্রতা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।বিচার বিভাগের ওপর মানুষের আস্থা বাড়বে।ছুটির দিনেও বিচারিক কার্যক্রম অব্যাহত রাখায় বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আলোচিত রামিসা হত্যা মামলার মতো চাঞ্চল্যকর মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা এখন এই বেঞ্চের অন্যতম চ্যালেঞ্জ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন