জুলাই ৮, ২০২৬, ০৭:৪৭ পিএম
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ বুধবার (৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি, ভিডিওচিত্র, আলোকচিত্র ও নথিপত্র পর্যালোচনার মাধ্যমে এই তদন্ত সম্পন্ন হয়েছে। বর্তমানে তদন্ত প্রতিবেদনের খসড়া যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। আইনি ও কারিগরি প্রক্রিয়া শেষে দ্রুতই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া হবে।
এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, ডিবি কর্মকর্তা হারুন ও সাংবাদিক মোজাম্মেল বাবুসহ মোট ২৮ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের অবকাশকালীন ছুটি শেষে আগামী ২১ জুলাই বিচারিক কার্যক্রম শুরু হবে। ওই সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া গেলে প্রসিকিউশন দ্রুত আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) প্রস্তুত করে ট্রাইব্যুনালে দাখিল করবে। তদন্তে যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধেই অভিযোগ আনার প্রস্তুতি চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন