জুলাই ১৪, ২০২৬, ০৫:২৬ পিএম
ড. মুহাম্মদ ইউনূসের ৬৬৬ কোটি টাকার কর মওকুফ বা মামলা তুলে নেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। গ্রামীণ কল্যাণের করসংক্রান্ত মামলাটি এখনো হাইকোর্টে বিচারাধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।মঙ্গলবার হাইকোর্টে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মামুন জানান, দুটি রিট এখনো বিচারাধীন। যার মধ্যে ২০২৪ সালের আগস্টে একটি বেঞ্চ সরকারের পক্ষে রায় দিলেও পরবর্তীতে সেই আদেশ প্রত্যাহার করা হয়। বর্তমানে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাগুলোর শুনানি চলছে এবং শিগগিরই শুনানি হওয়ার কথা রয়েছে। মামলাটি প্রত্যাহার করা হয়েছে এমন প্রচারণা সঠিক নয়। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে এবং আইনজীবীরাই শুনানির জন্য তা তালিকাভুক্ত করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, মামলাটিকে কর ফাঁকির মামলা হিসেবে উপস্থাপন করায় দেশে-বিদেশে ভুল বার্তা দেওয়া হচ্ছে। তার ভাষ্য, গ্রামীণ কল্যাণ কর ফাঁকি দেয়নি; বরং উৎসে কর পরিশোধের পর একই আয়ের ওপর দ্বিতীয়বার কর আরোপের বৈধতা নিয়েই আদালতে প্রশ্ন তোলা হয়েছে।
তিনি আরও জানান, যদি গ্রামীণ কল্যাণকে পুনরায় কর পরিশোধ করতে হয়, তাহলে একই বিনিয়োগের মাধ্যমে কর পরিশোধকারী গ্রামীণ টেলিকমের করসংক্রান্ত বিষয়ও পর্যালোচনা করা প্রয়োজন। অথচ সেই বিষয়টি তদন্তের আওতায় আনা হয়নি বলে তিনি অভিযোগ করেন।
ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেওয়ার পরই গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। এসব প্রতিষ্ঠান কোম্পানি আইনের ২৮ ধারায় পরিচালিত অলাভজনক সংস্থা, যার কোনো ব্যক্তিমালিকানা নেই। তাই কর ফাঁকি বা মওকুফের বিষয়ে গণমাধ্যমে প্রচারিত খবরগুলো সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর বলে দাবি করেন ব্যারিস্টার মামুন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন